বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান, কাল থেকে নির্বাচনী সমাবেশ


Tarique voter

অসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে আজ সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দলের নির্বাচনি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পর আগামীকাল বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।

আজ রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা।

ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা অগ্রহণযোগ্য, বিএনপি একটি ত্রুটিমুক্ত, মডেল নির্বাচন চায়। সেজন্য ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার নির্দেশ দিয়েছে দল বলেও জানান।

গণভোটে `হ্যাঁ‘-এর পক্ষে বিএনপি বলে জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।