বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২১ জানুয়ারি ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
শেয়ার

জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই না বলবে: আখতার হোসেন


Akhter-Hossain

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের ফ্যাসিবাদী চরিত্র আবারও জাতির সামনে নগ্নভাবে তুলে ধরেছে। তিনি বলেন, জাতীয় পার্টি যতই ‘না’ ভোটের কথা বলুক না কেন, জনগণ তাতে গুরুত্ব দেবে না; বরং জনগণ গণভোটকে নয়, জাতীয় পার্টিকেই ‘না’ বলে দেবে।

বুধবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ নিয়ে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি চায় না দেশ বর্তমান রাষ্ট্রীয় কাঠামো থেকে বের হয়ে আসুক। তারা যেভাবে গৃহপালিত বিরোধী দল হিসেবে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনায় অংশ নিয়েছিল, সেই মনোভাব থেকেই এখন ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। যারা ফ্যাসিবাদের দোসর ছিল এবং গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হতো। তিনি শুরু থেকেই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে আসার কথাও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আখতার হোসেন বলেন, গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিষ্পেষিত হয়েছে, তারা তা থেকে মুক্তি চায়। একনায়কতন্ত্রের পরিবর্তে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে, যার মূল উপাদানগুলো রয়েছে ‘জুলাই সনদে’। তাই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সবার ‘হ্যাঁ’ ভোট দেওয়া উচিত বলে তিনি মত দেন।

এর আগে, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতীক গ্রহণ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।