
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে নিজের শ্বশুরবাড়ি থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের বিরাইমপুরে শ্বশুরবাড়িতে পৌঁছে তিনি উপস্থিত জনসাধারণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।
এ সময় তারেক রহমান সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালেককে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ এসেছে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে।
বক্তব্যে তিনি বলেন, বহু বছর পর তিনি ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান নিজেদের এলাকায় এসেছেন। ‘আপনাদের মেয়ের সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব। আর সেই সম্মান তখনই নিশ্চিত হবে, যখন এখানে ধানের শীষ জয়যুক্ত হবে,’—বলে উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার রাতে সিলেট সফরে এসে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবায়দা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনি দক্ষিণ সুরমার সিলামের উদ্দেশ্যে রওনা দেন।
শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই ‘সিলেটের দুলাভাই’কে এক নজর দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন। জনতার চাপ সামলে বারান্দায় দাঁড়িয়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার নেন।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে বিরাইমপুর তথা দক্ষিণ সুরমার মাটি থেকেই বিএনপির নির্বাচনী কার্যক্রম শুরু করা হলো। দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতার কাছে ধানের শীষ জয়ের আশ্বাস নেন। জবাবে জনতা সমস্বরে ‘ইনশাল্লাহ’ বলে অঙ্গীকার করেন। পরে সদ্য প্রয়াত নেতাদের মাগফিরাত ও দলের সফলতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।






































