বুধবার । এপ্রিল ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২২ জানুয়ারি ২০২৬, ২:২৫ অপরাহ্ন
শেয়ার

স্বাধীনতাবিরোধী একটি দল কুৎসা রটাচ্ছে, আজকের লড়াই এদের বিরুদ্ধে: মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না। এরা স্বাধীনতাবিরোধী। আজকের লড়াই এদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধেও এ দল মিথ্যা রটাচ্ছে। ‘আমাদের সাবধান থাকতে হবে এসব দল এবং ব্যক্তির কাছ থেকে, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে জনগণের কণ্ঠ রোধ করা হয়েছে। একটি বিভ্রান্তিকর ও অনির্বাচিত ব্যবস্থা চাপিয়ে দিয়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি এখানে বক্তব্য দিতে আসি নাই, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যারা তৃণমূলে আছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা দয়া করে এই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করুন, ধানের শীষকে জয়যুক্ত করুন আপনারা।’

মির্জা ফখরুল বলেন, সিলেট আলেম, ওলামা ও আধ্যাত্মিক সাধকদের পুণ্যভূমি। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই ভূমি থেকেই বারবার অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে। আজও সেই প্রতিবাদের ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করা হয়নি। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে। স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকাকে মর্যাদার সঙ্গে সমুন্নত রাখাই আমাদের দায়িত্ব। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে। কিন্তু, মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রা নতুন বাংলাদেশের যাত্রা।

এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটের সময় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির এই নির্বাচনি জনসভা। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের পর দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে পা রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।