রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জানুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সর্বাত্মক সহায়তার আশ্বাস সেনাপ্রধানের


Army-Chief

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আইএসপিআর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

সেনাপ্রধান বলেন, প্রত্যাশিত নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর সমন্বিত কার্যক্রম প্রয়োজন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে পারস্পরিক সহযোগিতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম জেলার নির্বাচন প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থাপনা দেন। এতে সন্তোষ প্রকাশ করেন সেনাপ্রধান।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সামরিক বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।