
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলন, তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন সবাই।
বৃহস্পতিবার গভীর রাতে কিশোরগঞ্জের ভৈরব পৌর স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোটের লাইনে দাঁড়াতে হবে।
তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং মামলা, গুম-খুনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ ভোটাধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল উল্লেখ করে তিনি বলেন, এবারও একটি মহল ষড়যন্ত্র করছে এবং ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে।
তারেক রহমান বলেন, দেশের সড়ক, হাসপাতাল ও কর্মসংস্থানের অবস্থা অত্যন্ত নাজুক। বিএনপি সরকার গঠন করলে দেশের পুনর্গঠন, বেকার যুবকদের প্রশিক্ষণ, দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষিকার্ড এবং ইমামদের সম্মানীর ব্যবস্থা করা হবে।
জনসভা শেষে তিনি কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে জনসভায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















































