রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ জানুয়ারি ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ


nasir-uddin

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় পচা ডিম নিক্ষেপ ও নোংরা পানি ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, মৌচাক এলাকার বাংলা টিভির গলিতে পথসভা চলছিল। এ সময় বিপরীত দিকের একটি ভবন থেকে নোংরা পানি নিক্ষেপ করা হয়। কিছুক্ষণ পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত ওই এলাকার কর্মসূচি শেষ করে পরীবাগে চলে যাওয়া হয়।

এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পথসভায় ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়।