
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালের নির্বাচনী জনসভা একদিন পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়েছে। ওইদিন তিনি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার স্থান বেলস্ পার্ক মাঠ পরিদর্শনে গিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর দলের নেতা তারেক রহমান বরিশালে আসছেন। তার আগমন ও জনসভা ঘিরে বিএনপিতে নানা প্রস্তুতি চলছে।
মজিবর রহমান সরোয়ার আরও বলেন, “তারেক রহমান বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন, যা আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তার আগমন নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে জনগণের কাছে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, ২৬ জানুয়ারির পরিবর্তে জনসভা ২৭ জানুয়ারি হবে। দলের সকল যুবক, ছাত্র ও এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে তাকে বরণ করবে। মিছিল, মিটিংসহ সকল প্রস্তুতি চলছে।
প্রশাসন সম্পর্কিত অভিযোগের প্রসঙ্গে মজিবর রহমান সরোয়ার বলেন, “বিগত সময়ে প্রশাসন আমাদের নির্বাচন করতে দেয়নি। স্পিডবোট থেকে আমাদের লোকদের উঠিয়ে নেওয়ার নজিরও আছে। আমরা ভোট কারচুপি বা অন্য কোনোভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাই না।”
জনসভা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।
সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সেই সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে আসছেন। নেতারা মনে করছেন, এই সফর বরিশাল অঞ্চলের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

















































