বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৪ জানুয়ারি ২০২৬, ১:২০ অপরাহ্ন
শেয়ার

রবিবার চট্টগ্রাম থেকে তারেক রহমানের দ্বিতীয় দফা নির্বাচনি প্রচারণা শুরু


Tarique Rahman

তারেক রহমান ।। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনি প্রচারাভিযান শুরু হচ্ছে আগামীকাল রবিবার (২৫ জানুয়ারি)। এ দফার প্রচারণার সূচনা হবে বন্দরনগরী চট্টগ্রাম থেকে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন তারেক রহমানের চট্টগ্রাম সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

তিনি জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান শনিবার রাতে ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম পৌঁছাবেন এবং সেখানে রাতযাপন করবেন।

রবিবার সকালে সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এই আলোচনা সভায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন ও পরিবেশসহ নানা গুরুত্বপূর্ণ খাতে বিএনপির নীতিগত অবস্থান তুলে ধরার পাশাপাশি তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর দুপুরে চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

চট্টগ্রাম পর্ব শেষে তিনি পর্যায়ক্রমে ফেনীর পাইলট স্কুল মাঠ, কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মাহাদী আমীন আরও জানান, সিলেট সফরের মতো চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও অভিজ্ঞ নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী থাকবেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে তারেক রহমান তার নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। সেদিন তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জসহ মোট সাতটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন।