
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে ১০ দলের এই জোটটি আবারও ১১ দলীয় জোটে পরিণত হলো।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটে বাংলাদেশ লেবার পার্টির যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, “আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক, আধিপত্যমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হয়েছে। এর মাধ্যমে আমাদের জোট এখন ১১ দলীয়।”

জোটের লক্ষ্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সেই ঐক্য বজায় রাখতেই আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একজন কর্মী হিসেবে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমরা এমন অর্থবহ পরিবর্তন চাই, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে।” তিনি আরও বলেন, “আমি কোনো স্বার্থ বা লোভনীয় প্রস্তাবের কাছে মাথা নত করিনি।”
উল্লেখ্য, এর আগে এই জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে করে জোটটি ১০ দলে সীমিত হয়ে পড়ে। তবে গত শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার এক পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ নতুন একটি দলের অন্তর্ভুক্তির আগাম ইঙ্গিত দিয়েছিলেন।











































