
ছবি: সংগৃহীত
বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা রবিবার (২৫ জানুয়ারি) প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন ভবনের ভেতরে আটকা পড়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা টানা আট ঘণ্টা অবরুদ্ধ রয়েছেন।
সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন কোষাধ্যক্ষ ড. সাবিনা শারমীন। তিনি জানান, ২০ ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবান্বিত ব্যাচ। নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম কিস্তিতে যুক্ত করলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বৃত্তি থেকে বঞ্চিত হবেন। তবে এই বিষয়ে একার সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়; কমিটির সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।
এর আগে শিক্ষার্থীরা আবাসন ভাতার দাবিতে ভিসি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা কলাভবন, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন, যেমন ‘২০ ব্যাচের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বৈষম্যের সিদ্ধান্ত, মানি না মানব না’, ‘বৃত্তি আমার অধিকার, না দেওয়ার সাধ্য কার?’ ইত্যাদি।
এ বিষয়ে ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ বিভাগের শিক্ষার্থী রাব্বি বলেন, “আমাদের একটি প্রতিনিধিদল কোষাধ্যক্ষ ম্যাডামের সঙ্গে আলোচনা করছে। লিখিত ছাড়া আমরা এখান থেকে যাব না।”




































