
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই দলের সকল রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। দেশের মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। তিনি বলেন, “আমরা যা বলি, তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করি। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের যেমন উন্নয়নের আশা আছে, তেমনি বিএনপিরও একটি দাবি রয়েছে—ধানের শীষকে জয়যুক্ত করা।”
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষের জন্য নেওয়া বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, খেটে-খাওয়া নারী সমাজের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করার পরিকল্পনা করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে গৃহিণীরা সরকারের পক্ষ থেকে অন্তত কিছু সহযোগিতা পাবেন। তিনি বলেন, “পুরো সংসার চলবে না, আমরা জানি। তবে এক মাসের চার সপ্তাহের অন্তত এক সপ্তাহ যদি সরকার সহযোগিতা করতে পারে, সেটিও অনেক পরিবারের জন্য বড় সহায়তা হবে।”
এছাড়া কৃষকদের জন্যও বিএনপি ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা করছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সার, বীজ ও কীটনাশক পৌঁছে দেওয়া হবে, যাতে তারা মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই প্রয়োজনীয় উপকরণ পেতে পারেন।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালী-২ আসনের সংসদ প্রার্থী জয়নাল আবেদীন ফারুক, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ফেনী-১ আসনের প্রার্থী রফিকুল আলম মজনু এবং ফেনী-২ আসনের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন।








































