
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির একটি সূত্র জানিয়েছে, তিনি ওইদিন রাতেই স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভা করবেন।
বগুড়ায় অবস্থানকালে তিনি ২৯ জানুয়ারি বগুড়া-৬ নির্বাচনি এলাকার ২১টি ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি বিকেলে গাবতলীর বাগবাড়ি পরিদর্শন করবেন।
এদিকে, আজ দুপুরে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছেন, “২৮ জানুয়ারি বুধবার চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় এসে আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা করবেন। জনসভার জন্য আমরা মাঠ প্রস্তুত করছি। আশা করা যাচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ এতে অংশ নেবেন।”
তারেক রহমানের আগমনের সংবাদে বগুড়ায় উৎসবের আমেজ বইতে শুরু করেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেতাকে বরণ করতে অপেক্ষার প্রহর গুনছেন।








































