রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ জানুয়ারি ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
শেয়ার

আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি: জামায়াত আমির


jamat-amir

ফাইল ছবি

নিজেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, “মুক্তিযুদ্ধকে আমরা হাজারবার সম্মান করি, কিন্তু এটি কোনো দলের ব্যবসা হতে পারে না। আমার ভাই জীবন দিয়েছে দেশের মানুষের মুক্তির জন্য, রাজা বা রানির সিংহাসনের জন্য নয়।”

সোমবার মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ থেকে কর্মসূচি শেষে ফেরার পথে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। রাত ৮টা ৪০ মিনিটে সভামঞ্চে ওঠেন এবং রাত পৌনে নয়টায় প্রধান অতিথির বক্তব্য দেন।

শফিকুর রহমান গত সরকারগুলোর সমালোচনা করে বলেন, “মুক্তিযুদ্ধপরবর্তী সব সরকার জনগণের ওপর সুবিচার করতে ব্যর্থ হয়েছে। গত সাড়ে ১৫ বছরে দেশের অর্থনীতি, বিচার বিভাগ, ব্যাংক ও শিল্প—সবকিছু লুটপাট ও অব্যবস্থাপনায় শেষ হয়ে গেছে।”

তিনি আসন্ন নির্বাচনকে জাতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে বলেন, “আগামী ১২ তারিখের গণভোট হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। যুবসমাজ ইতিমধ্যেই প্রমাণ করেছে যে অন্যায়ের কাছে মাথা নত করবে না।”

জামায়াত ক্ষমতায় এলে সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, “নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিবছর জনগণের কাছে তাঁদের এবং পরিবারের সম্পদের হিসাব দেবেন। কোনো অপরাধই বড় বা ছোট মনে হবে না, প্রধানমন্ত্রী ও পিয়নের জন্য একই ন্যায়বিচার হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মাগুরা–১ আসনের প্রার্থী আবদুল মতিন ও মাগুরা–২ আসনের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ ওরফে এম বি বাকেরকে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত সবাইকে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী সমাবেশে জামায়াতের পাশাপাশি শরিক দলের নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন।