রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার

হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন কোনো কাজে আসবে না: জামায়াত আমির


গণভোটে হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদ, জবর দখল, চাঁদাবাজি চলবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাঁ ভোট বিজয়ী না হলে সরকার গঠন কোনো কাজে আসবে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

সমাবেশে গণভোটে হ্যাঁ দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ মানে আজাদী আর না মানে গোলামী। গণভোটে হ্যাঁ ভোট পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না। তাই নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে।’

জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তায়ালার রহমতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করব। মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠানো, যোগাযোগ ব্যবস্থা এ সমস্ত দাবি উত্থাপিত হয়েছে। এগুলো অযৌক্তিক ও আহামরি কোনো দাবি নয়। এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি।

‘আমরা নির্দিধায় একথা বলতে পারি আমাদের প্রতীক হলো দাঁড়িপাল্লা। এই পাল্লার মাপে আমরা ইনশাল্লাহ কোনো কমবেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব।’

জনসভায় জামায়াত ক্ষমতায় গেলে যশোরের বিভিন্ন সমস্যা সমাধানে দলের পরিকল্পনা তুলে ধরেন শফিকুর রহমান। এ সময় যশোরে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়।

দেশ পরিচালনার দায়িত্ব পেলে যশোরকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।