
ছবি: আইএসপিআর
প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক বড় মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। দেশে ড্রোন বা আনম্যানড অ্যারিয়াল ভেহিকল (ইউএভি) উৎপাদন, সংযোজন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য চীন ও বাংলাদেশের মধ্যে একটি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমানবাহিনী এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের (সিইটিসি) মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্পদক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে, যা দীর্ঘমেয়াদে ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে।
আইএসপিআর আরও জানায়, প্রাথমিক পর্যায়ে মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়ন সক্ষম (মিডিয়াম অল্টিটিউড লং অ্যান্ডিউরেন্স) এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম (ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং) ড্রোন উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বিমানবাহিনী। এসব ড্রোন সামরিক ব্যবহারের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই চুক্তির মাধ্যমে দেশীয় ড্রোন উৎপাদনে সক্ষমতা বাড়বে এবং জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানায় আইএসপিআর। পাশাপাশি বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।







































