
আজ বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ১৯ বছর পর নিজ পিতৃভূমিতে তার আগমন ঘিরে বইছে উৎসবের আমেজ। তার আগমন উপলক্ষে ইতোমধ্যেই জেলা বিএনপি নির্বাচনি জনসভার মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন করতে তোড়জোর শুরু করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, আগামী ২৮ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসছেন। ওইদিন প্রথমে তিনি রাজশাহী ও পরে নওগাঁয় আয়োজিত জনসভায় যোগ দেবেন। দুই জেলায় জনসভা শেষ করে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন।
তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বগুড়ার হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা জানান, বগুড়ায় এসে তারেক রহমান হোটেল নাজ গার্ডেনের একটি প্রেসিডেন্সিয়াল সুইট রুমে থাকবেন।
বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, বগুড়ায় এসে তারেক রহমান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন।
এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন তারেক রহমান। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়িতে পিতৃভূমিতে যাবেন। ৩০ জানুয়ারি সকালে রংপুরের উদ্দেশে রওনা হবেন।
এর আগে, গত ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় যাওয়ায় কথা থাকলেও বিভিন্ন কারণে তার সেই সফর হয়নি। সেই সময় তার আগমনকে ঘিরে দলীয় কার্যালয় থেকে শুরু করে বগুড়া শহরে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। শহরের ছোট-বড় সব সড়ক সংস্কারের কাজও শেষ হয়েছে।









































