
একটি দলের নাম না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস জানিয়েছেন, বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে একটি দল। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নেই। শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী প্রচারণার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, তেমনি তাদের জীবন সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে।
তিনি বলেন, এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন। কোনো রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কিরকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখনো চলছে।
তিনি আরও বলেন, বিএনপি বহুবার নির্বাচন করেছে, আর ব্যক্তিগতভাবে আমি পাঁচ-সাতটি নির্বাচন করেছি। ১৯৯১ সালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির, আব্বাস আলী খান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ-নেতারা এবং বহু দল অংশগ্রহণ করেছিল নির্বাচনে। ওই নির্বাচন থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি, কোনো নির্বাচনে কোনো প্রতিপক্ষের ওপর কোনো হামলা হয়নি। এমনকি প্রতিপক্ষ কেউ আক্রমণ করেনি। উৎসবমুখর পরিবেশে নির্বাচন করেছি।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের ৩০০টি আসনে বিএনপি নির্বাচন করছে। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে (ঢাকা-৮ আসন) কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনারা যা চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে। আমরা তার জবাব দেব না। জনগণ ১২ তারিখে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।









































