রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ জানুয়ারি ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ, প্রথম যাত্রায় সব টিকিট শেষ


biman-bangladesh-airlines

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

এক যুগেরও বেশি সময় পর ফের সরাসরি আকাশপথে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে উড়াল দেবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় করাচিতে অবতরণ করবে। প্রথম ফ্লাইটের ১৬২টি আসনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, প্রথম ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করবে।

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট এক সময়ে নিয়মিত চললেও ২০১২ সালে এটি বন্ধ হয়ে যায়। ২০২৪ সালের ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দুই দেশের আলোচনার মাধ্যমে পুনরায় এই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়। টিকিট বিক্রি শুরু হয় গত ৭ জানুয়ারি থেকে।

প্রাথমিকভাবে, ঢাকা-করাচি-ঢাকা রুটে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে—বৃহস্পতি ও শনিবার। ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে করাচিতে রাত ১১টায় পৌঁছাবে। করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে আসা ফ্লাইট ঢাকায় ভোর ৪টা ২০ মিনিটে অবতরণ করবে।

ফের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত। আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।