
ছবি: সংগৃহীত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১৭ জন কৃষক নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে এই ঘটনা ঘটে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ জুন) জামফারা রাজ্যের মারাদুন জেলার প্রত্যন্ত গোরোন নামায়ে গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। কৃষকরা যখন মাঠে নিজেদের জমিতে কাজ করছিলেন, ঠিক তখনই মোটরসাইকেলে করে একদল দস্যু এসে তাঁদের ওপর অতর্কিত গুলি চলায়।
মারাদুন জেলার রাজনৈতিক প্রশাসক সানুসি দোসারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোরোন নামায়ে গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন কৃষক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মনসির মুহাম্মদ জানান, হামলাকারীরা অত্যন্ত চতুরতার সাথে আগন্তুক ও পর্যটকের ছদ্মবেশে গ্রামে প্রবেশ করেছিল। তারা সাধারণ পোশাকের নিচে নিজেদের ভারী অস্ত্র লুকিয়ে রেখেছিল, যার ফলে কৃষকরা কিছু বুঝে ওঠার আগেই হামলার শিকার হন।
নুরা মুসা নামের আরেকজন স্থানীয় বাসিন্দা জানান, এই হামলার পেছনে একটি প্রতিশোধের যোগসূত্র থাকতে পারে। মাত্র কয়েক সপ্তাহ আগে এই ডাকাত দলটি গ্রামে হামলা চালাতে এলে স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর প্রতিরোধের মুখে তাদের ১৩ জন দস্যু নিহত হয়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই বর্বর হত্যাকাণ্ড চালানো হয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য অপহরণ এবং গবাদি পশু চুরির উদ্দেশ্যে স্থানীয় বন্দুকধারী দস্যু ও ডাকাত দলগুলো প্রায়শই সাধারণ মানুষের ওপর এ ধরনের রক্তক্ষয়ী হামলা চালিয়ে থাকে।














































