
১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্য দুই আসামি হলেন শফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।
এদিন আসামিদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোমের মিয়া তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জাকির হোসেন জামিন আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষে উপপরিদর্শক তাহমিনা আক্তার এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, উত্তরা ৯ নম্বর সেক্টরের শফিকুর রহমানের বাসায় ১১ বছরের শিশু মোহনাকে গৃহকর্মী হিসেবে রাখা হয় গত বছরের জুন মাসে। অভিযোগ অনুযায়ী, ২ নভেম্বর শিশুটির বাবার সঙ্গে দেখা হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে শফিকুর রহমান, তাঁর স্ত্রী বিথীসহ অন্য আসামিরা অকারণে তাকে মারধর করেন এবং খুন্তি আগুনে গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেন।
গত ৩১ জানুয়ারি মোহনাকে অসুস্থ জানিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে শিশুটিকে আনতে গেলে তার দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন দেখতে পান বাবা গোলাম মোস্তফা। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।








































