শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
শেয়ার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক বঙ্গভবন কর্মকর্তার জামিন


Sarwar Bangga bhaban

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্ব পাশে অবস্থিত সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ছরওয়ারে আলমকে আটক করে পুলিশ।

পরদিন এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কার্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে।

ডিবি জানায়, গ্রেপ্তারকৃত কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে এবং সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা পূর্বে করা সাধারণ ডায়েরির (জিডি) সঙ্গে যুক্ত করা হয়েছে।

পুলিশ কর্তৃপক্ষ হ্যাকিং সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর বা অপতথ্য না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই পোস্ট প্রকাশ করা হয়েছে এবং এটি জামায়াত আমিরের বক্তব্য নয়।