
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালে ঝরে গেল তিন বন্ধুর তাজা প্রাণ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হোসাইন মোহাম্মদ সাকিব (২৭), তুর্জয় মাঝি (২৮) ও মো. সানিয়াত (২৯)। তিন বন্ধুর এমন আকস্মিক বিদায়ে পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সানিয়াত ও সাকিব প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
টংগিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুহূর্তের গতির নেশা কেড়ে নিল তিনটি তাজা প্রাণ, আর পরিবারগুলোর জন্য রেখে গেল আজীবনের কান্না। স্থানীয়রা বলছেন, এই মর্মান্তিক বিয়োগব্যথা পুরো এলাকায় এক গভীর শোকের ছায়া ফেলে দিয়েছে। বন্ধুদের এমন আকস্মিক ও অকাল মৃত্যু যেমন স্বজনদের জন্য এক অবর্ণনীয় ক্ষতি, তেমনি এটি স্থানীয়দের মাঝে নিরাপদ সড়ক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কেও এক করুণ সতর্কতা সংকেত দিয়ে গেল।









































