
দীর্ঘদিনের চেক বাউন্স ও ঋণ সংক্রান্ত মামলায় বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজপাল যাদব শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেছেন। গত ৪ ফেব্রুয়ারি আদালত তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিলেও তিনি নতুন করে আইনি লড়াইয়ের মাধ্যমে সময় চেয়ে ব্যর্থ হন।
প্রায় ৯ কোটি টাকার ঋণসংক্রান্ত এ মামলায় রাজপালের কোনো নতুন শর্ত বা অজুহাত গ্রহণ করেনি আদালত। এর আগে একাধিকবার সুযোগ দেওয়া হলেও নির্ধারিত সময়ে পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত কঠোর অবস্থান নেয়।
আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পর রাজপাল যাদব আদালতে নতুন একটি প্রস্তাব দেন। তিনি তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ এবং বাকি অর্থ পরিশোধের জন্য অতিরিক্ত সময় চান। তবে দিল্লি হাইকোর্ট তার এ প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।
আদালত পর্যবেক্ষণে জানায়, এর আগেও রাজপালকে বহুবার সময় ও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রতিবারই নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। পাওনাদারদের স্বার্থ সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করতেই আত্মসমর্পণের নির্দেশ বহাল রাখা হয়েছে।









































