
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পাশা’ (পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট) নামের একটি দেশীয় সংস্থাকে ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, সংশ্লিষ্ট সংস্থাটির সক্ষমতা যাচাই ও খোঁজখবর নিশ্চিত না হওয়া পর্যন্ত পর্যবেক্ষক কার্ড বিতরণ বন্ধ থাকবে। তবে এখন পর্যন্ত সংস্থাটির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের সার্বিক নির্বাচন প্রস্তুতি সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং সারা দেশে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চলছে। তিনি জানান, প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হচ্ছে এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু করা হয়েছে, যার মাধ্যমে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে তথ্য পৌঁছাবে।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ১২৪টি দেশে পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে এ পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট দেশে পৌঁছেছে। প্রায় ৪০০ জন বিদেশি এবং ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।






































