
ফাইল ছবি
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার মোট ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারভুক্ত প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জনকে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন ও পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জন মনোনয়ন পেয়েছেন।
এছাড়া কৃষি ক্যাডারে বিভিন্ন শাখায় ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনীত করা হয়েছে। অন্যান্য পদে সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করেছে কমিশন।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুসরণ করে এসব মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ যাচাই সম্পন্ন হওয়ার পর সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই মনোনয়ন চাকরি প্রাপ্তির নিশ্চয়তা হিসেবে গণ্য হবে না। প্রচলিত বিধি-বিধান মেনে নিয়োগকারী কর্তৃপক্ষই মনোনয়ন কার্যকর করবে।
৪৬তম বিসিএসের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন






































