মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ন
শেয়ার

ব্যক্তি থেকে ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং সম্পূর্ণ বন্ধ চারদিন

মোবাইল ব্যাংকিংয়ে হাজারের বেশি টাকা পাঠানো যাবে না


Limit of Mobile Banking

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ও অবৈধ লেনদেন ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের অংশ হিসেবে আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কঠোর সীমা আরোপ করা হয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, আজ রোববার দিবাগত রাত থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তিক হিসাব থেকে ব্যক্তি থেকে ব্যক্তি (পি-টু-পি) লেনদেনের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। একই সঙ্গে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০টি লেনদেনের মাধ্যমে মোট সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠানো যাবে।

এ সময় ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (আইবিএফটি) লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন স্বাভাবিক থাকবে। তবে অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন উল্লিখিত সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন করতে বলা হয়েছে। একই সঙ্গে সব লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে এবং কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষে সব ধরনের লেনদেন স্বাভাবিক নিয়মে পুনরায় চালু হবে।

বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা পাঠানো যায়। একই সঙ্গে একটি হিসাবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জমা রাখা যায় এবং দিনে লেনদেনের সংখ্যার ওপর কোনো নির্দিষ্ট সীমা নেই। এ ছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ রয়েছে।