
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হলেও ব্যতিক্রমীভাবে ওই কর্মসূচিতেই তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে।
হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি শুরুর পরপরই নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘটনাস্থলের সামনে উপস্থিত হতে দেখা যায়। এ সময় তিনি সেখানে বক্তব্যও দেন।
বিক্ষোভ কর্মসূচির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিক্ষোভের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তির কর্মসূচিস্থলে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে পরে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ফেসবুক ব্যবহারকারী সাদিকুর রহমান খান এক পোস্টে লেখেন, ‘আজ নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে পাটওয়ারী নিজেই সবার আগে হাজির হয়ে বসেছিল।’ এই মন্তব্য নিয়েও অনলাইনে আলোচনা চলছে।









































