রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
শেয়ার

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ


EC Sanaullah

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের দিনে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো সমস্যায় পড়বেন না।

এর আগে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছিল ইসি। ওই নির্দেশনায় কেবল প্রিসাইডিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং ‘ইলেকশন সিকিউরিটি ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য দুইজন আনসার সদস্যকে মোবাইল বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়।

এই সিদ্ধান্তের ফলে সাংবাদিকদের মোবাইল বহন নিষিদ্ধ হওয়ায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায়।

আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন অপরিহার্য এবং এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা সৃষ্টি করে।

সাংবাদিক সংগঠনগুলোর প্রতিবাদ ও রাজনৈতিক মহলের সমালোচনার মুখে শেষ পর্যন্ত সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে ইসি।