
ফাইল ছবি
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। একইসঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট গ্রহণ করা হয়। গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় মামলা দায়ের করে। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়াও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়।
অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকার একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন। পরবর্তীতে গত বছরের জুলাই মাসে শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত রাখেন। পরে বিষয়টি চেম্বার আদালতে গেলে দুদক ‘নো অর্ডার’ পায়। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়।








































