বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
শেয়ার

দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজে ফল দেখানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর


Commerce-Minister

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাজারে দ্রব্যমূল্য নিয়ে বক্তব্যের চেয়ে কার্যকর পদক্ষেপে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে, তাই ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়া মূলত এককালীন চাহিদা বৃদ্ধির ফল। ‘সিন্ডিকেট’ প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাজার তদারকি ও সরবরাহ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে।

রপ্তানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি আয় এখনও একটি পণ্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। নতুন পণ্য ও বাজার যুক্ত করে রপ্তানি বৈচিত্র্য এবং বিনিয়োগ সহায়তা বাড়ানোই সরকারের অগ্রাধিকার।

বৈশ্বিক অনিশ্চয়তার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্টের ট্যারিফ নীতির পরিবর্তনে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় স্থিতিশীল পরিবেশ ছাড়া দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না বলেও মন্তব্য করেন তিনি।