
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
আসন্ন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবার দেশজুড়ে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় ও সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সাধারণত প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর তা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
তিনি আরও জানান, ২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি থাকবে। এসব কর্মসূচি যেন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং মানুষের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।
এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে সম্ভাব্য ভোগান্তি কমাতে সরকার আগাম প্রস্তুতিও নিচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা হয়েছে। শিল্পাঞ্চল সংশ্লিষ্ট বিষয় তদারকির জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করা হয়েছে।
তিনি বিজিএমইএ, বিটিএমইএ ও বিকেএমইএসহ সংশ্লিষ্ট শিল্প সংগঠন এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।







































