
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আরও চার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রমে রাজনৈতিক প্রভাব থাকার অভিযোগ এবং দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার কারণেই আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন তিনি কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে পৌঁছান।
গত মাসে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘটনা ঘটল।
উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি বহুল আলোচিত সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিমেন স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে শুরু থেকেই তার নিয়োগ নিয়ে বিএনপি–জামায়াতের পক্ষ থেকে আপত্তি ছিল।
পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে মো. নাজমুল ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
তাদের সবাইকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।








































