
সংগৃহীত ছবি
গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও সন্তানদের জন্য সরকারি ভাতা চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে, তাদের সন্তানদের মানুষ করা, বেঁচে থাকা এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তিনি নিজেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান।
তিনি আরও বলেন, দেশে নির্বাচন হয়েছে—কেউ মন্ত্রী হয়েছেন, কেউ সংসদ সদস্য হয়েছেন, আবার অনেকেই বড় পদে দায়িত্ব পেয়েছেন। কিন্তু যাদের আত্মত্যাগের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে, তাদের সন্তানরা এখনও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
মন্ত্রী বলেন, অন্তত তাদের ভবিষ্যৎকে কিছুটা নিরাপদ ও সুন্দর করার উদ্যোগ নেওয়া রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।






































