মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ মার্চ ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ


Advance ticket of train

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রির নির্ধারিত কার্যক্রমের আজই শেষ দিন। আজ সোমবার (৯ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট। বরাবরের মতোই শতভাগ টিকিট মিলছে অনলাইনে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট প্রত্যাশীরা সুযোগ পাবেন দুপুর ২টা থেকে। সম্প্রতি রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।

নিয়ম অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ নেই। এছাড়া নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে ভ্রমণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এসব স্ট্যান্ডিং টিকিট যাত্রার দিন ট্রেনের শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

গত ৩ মার্চ শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রমের আজই শেষ দিন। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত ট্রেন যাত্রার টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল ভবন সূত্রে জানা গেছে।

এদিকে যাত্রীদের ভোগান্তি কমানো এবং টিকিটের কালোবাজারি ঠেকাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে সীমিত সংখ্যক স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।