
হরমুজ প্রণালি ও এর কাছাকাছি স্থানে আজ একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটে
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৩টি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে যে উদ্ভূত পরিস্থিতিতে আরব সাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে জাহাজ চলাচল এখন চরম ঝুঁকির মুখে রয়েছে।
ইউকেএমটিও-র তথ্য অনুযায়ী জাহাজ নিয়ে ১৩টি সরাসরি হামলা ছাড়াও আরও চারটি সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে ওই অঞ্চলে জাহাজ চলাচল সংক্রান্ত মোট ১৭টি উদ্বেগজনক ঘটনা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকালেও তিনটি বাণিজ্যিক জাহাজ ‘অজ্ঞাত বস্তুর’ বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে ওমান উপকূলের উত্তরে। সেখানে একটি জাহাজে সরাসরি হামলার পর পরিস্থিতি বেগতিক দেখে সেটির ক্রুরা জাহাজ ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে ক্রমাগত হামলার ঘটনায় বিশ্বজুড়ে পণ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।






































