রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শেয়ার

মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লো এয়ার অ্যাম্বুলেন্স


মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লো এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা ছেড়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। রোববার (১৫ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

এর আগে, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বিবেচনা করে দেশেই মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এরপর দুই দফায়  অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এসময় সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলেও জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ওই রাতেই তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে শুক্রবার দুপুরে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ ছাড়া স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে এসে তার স্বাস্থ্যের খোঁজ নেন ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

মির্জা আব্বাসের আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।