
ফাইল ছবি
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ৫টা ৩৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, পবিত্র লাইলাতুল কদর একটি মহিমান্বিত ও বরকতময় রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন, যা মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
তারেক রহমান আরও উল্লেখ করেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ তৈরি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবিক গুণাবলির জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে তিনি বলেন, আসুন আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত করেন এবং আমাদের দেশ ও জাতিকে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।





































