মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৭ মার্চ ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
শেয়ার

তেল সংকট মোকাবিলায় শ্রীলংকায় সপ্তাহে তিন দিন ছুটি ঘোষণা


srilanka-fuel

বিশ্বব্যাপী তেল সংকটের প্রেক্ষাপটে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে তিন দিন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার

বিশ্বব্যাপী তীব্র তেল সংকটের প্রেক্ষাপটে জরুরি পদক্ষেপ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে তিন দিন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা সরকার। সোমবার (১৬ মার্চ) দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমার ডিসানায়েকে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৮ মার্চ থেকে সপ্তাহের প্রতি বুধবারও সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। এর আগে থেকেই দেশটিতে শনি ও রোববার সাপ্তাহিক ছুটি কার্যকর ছিল। এর ফলে সরকারি সংস্থাগুলোর জন্য কর্মসপ্তাহ কার্যত চার দিনে নেমে এল।

সরকারি গুরুত্বপূর্ণ সেবা বিভাগের কমিশনার জেনারেল প্রভাত চন্দ্রকীর্তি জানিয়েছেন, তারা চান বেসরকারি খাতও সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বুধবার ছুটি ঘোষণা করুক। এ ছাড়া জ্বালানি সাশ্রয়ে সরকার সব প্রতিষ্ঠানকে সম্ভব হলে ‘হোম অফিস’ বা বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট অনুরা কুমার ডিসানায়েকে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা পরিস্থিতির চরম অবনতির জন্য প্রস্তুত থাকব, তবে সেরা ফলাফলের আশা রাখব।’ মূলত জ্বালানি সাশ্রয় এবং জনভোগান্তি কমাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেউলিয়া দশা কাটিয়ে ওঠার চেষ্টায় থাকা দেশটি।