
ইরান যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ বাড়ায় বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনকে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত বার্তায় বিশ্বজুড়ে সব কূটনৈতিক পোস্টকে জরুরি কার্যক্রম কমিটি (ইএসি) গঠন করে সম্ভাব্য হুমকি শনাক্ত ও নিরাপত্তা পরিকল্পনা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ হয়েছে এবং কিছু দেশ থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ড্রোন হামলায় মার্কিন দূতাবাসের একটি অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কানাডার টরন্টোতে কনস্যুলেটের বাইরে গোলাগুলি এবং নরওয়ের অসলোতে দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
একই সময়ে ইরাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে শতাধিক হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয় নেওয়ার নির্দেশনাও জোরদার করা হয়েছে।
তবে এসব নির্দেশনা নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।








































