শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ মার্চ ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের ২০ গ্রামে ঈদ উদযাপন


dinajpur-eid

ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুটি ইউনিয়নে প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। পৃথক দুটি জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও অংশ নেন।

আজ সকাল সাড়ে ৮টায় জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ি-মির্জাপুর এলাকায় মেহেদী হাসান সুমনের আঙিনায় এবং বিনাইল ইউনিয়নের আয়ড়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত দুটি অনুষ্ঠিত হয়। আয়ড়া মাদ্রাসা মাঠে ইমামতি করেন আল আমিন এবং খয়েরবাড়ির জামাতে ইমাম ছিলেন দোলোয়ার হোসেন। দুই জামাত মিলিয়ে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ মুসল্লি এই আগাম ঈদের নামাজে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে উৎসাহ-উদ্দীপনা নিয়ে নামাজে অংশ নিতে আসেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে বিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের বিষয়ে খয়েরবাড়ি জামাতের ইমাম মো. দোলোয়ার হোসেন কাজী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। এই সামান্য ব্যবধানে দিনের পরিবর্তন হয় না, তাই আমরা তাদের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি।

তিনি আরও জানান, ১৯৯৭ সাল থেকে এই পরিকল্পনা থাকলেও মূলত ২০১৩ সাল থেকে তারা নিয়মিতভাবে সৌদির সঙ্গে মিল রেখে নামাজ আদায় করে আসছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, উপজেলার জোতবানি ও বিনাইল ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন ছিল।