সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার

পিএসএল খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজরা


Bangladesh-cricket

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একাদশ আসর সামনে রেখে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার। সোমবার (আজ) সকালে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অংশ নিতে তারা পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

প্রথম ধাপে দেশ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার—রিশাদ হোসেন ও তানজিদ তামিম—পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।

আসন্ন আসরে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে।

এবারই প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমির জার্সিতে দেখা যাবে শরিফুল, তামিম ও নাহিদ রানাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এরপরই দেশে ফিরতে হবে তাদের, কারণ একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের এবারের আসরের, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।