
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে আশাবাদের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোলে খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আবার খুলে দেওয়া হতে পারে।
সোমবার (২৩ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া সময়ের ব্যাপার মাত্র। একই সঙ্গে তিনি এই প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যৌথ নিয়ন্ত্রণের বিষয়েও ইঙ্গিত দেন।
যৌথ নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে—আমি এবং আয়াতুল্লাহ, যিনিই থাকুন না কেন।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি করেছে।
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুদ্ধের শুরুতে দেশটির শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ায় শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং সেটি “স্বয়ংক্রিয়ভাবেই” ঘটবে।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহান্তের আলোচনা সংঘাত নিরসনে আশার আলো দেখাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু প্রভাবশালী ও যুক্তিবাদী ব্যক্তির সঙ্গে কথা বলছি, যারা সম্মানিত এবং দৃঢ়চেতা। তাদের মধ্য থেকেই হয়তো কাঙ্ক্ষিত সমাধান আসবে।”
ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও জানান, তিনি ইরানের “একজন শীর্ষ ব্যক্তির” সঙ্গে কথা বলেছেন, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। সেই নেতার বর্তমান অবস্থা নিয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি।



































