
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরও পেশাদার ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এবারের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
আইজিপি বলেন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ এবং জেলা পুলিশসহ প্রতিটি ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সাধারণ মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছেন এবং উৎসব উদ্যাপন করতে পেরেছেন। জননিরাপত্তা নিশ্চিতে এই সেবার ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও বজায় রাখার নির্দেশ দেন তিনি।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।






































