মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শেয়ার

মানহানি মামলায় মেনন-ইনু-মানিকের জামিন মঞ্জুর


menon-inu-manik

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি টেলিভিশন টক শোতে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি মন্তব্য করেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না; তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন।’

অন্যদিকে, ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।