
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আদালতে তোলা হয়।
রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
সেদিন আসামি মামুনকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন সাত দিনের রিমান্ড চান। আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধার—এই তিন কারণে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ জরুরি।
রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়, মামুন খালেদের নির্দেশেই আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০–৭০০ জন সশস্ত্র কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা চালিয়ে নির্বিচারে গুলি ছোড়ে। এতে আন্দোলনকারী দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রাথমিক তদন্তে মামুনের সম্পৃক্ততার পর্যাপ্ত তথ্য মিলেছে বলেও আবেদনে বলা হয়।
রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার মধ্যরাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০-এর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলায় দেলোয়ার গুলিবিদ্ধ হন। পরে ২১ জুলাই হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রায় এক বছর পর, ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।










































