শনিবার । মার্চ ২৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ২৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শেয়ার

হাড়ের চিকিৎসায় যুগান্তকারী বায়োপেন


BONE-GLUE

‘বায়োপেন’ প্রযুক্তি অর্থোপেডিক চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে

ভবিষ্যতে ভেঙে যাওয়া হাড় জোড়া লাগাতে হয়তো আর মাসের পর মাস ভারী প্লাস্টার বয়ে বেড়াতে হবে না, প্রয়োজন হবে না শরীরে ধাতব স্ক্রু বা জটিল অস্ত্রোপচারের। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটিয়ে বিজ্ঞানীরা এমন এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা দেখতে অনেকটা সাধারণ ‘গ্লু গান’-এর মতো।

অস্ট্রেলিয়ার একদল গবেষকের উদ্ভাবিত এই বিশেষ যন্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘বায়োপেন’। এই প্রযুক্তিতে হাড়ের ক্ষতিগ্রস্ত স্থানে বিশেষ ধরনের এক জৈব আঠা বা জেল প্রয়োগ করা হয়। এরপর সেখানে অতিবেগুনি রশ্মি বা বিশেষ আলো ফেললে সেই আঠা দ্রুত শক্ত হয়ে হাড়ের মতো একটি মজবুত ও দৃঢ় কাঠামো তৈরি করে।

বর্তমানে হাড় ভাঙার চিকিৎসায় প্লাস্টার, ধাতব পাত বা স্ক্রু ব্যবহার করা হলেও নতুন এই ‘বায়োপেন’ প্রযুক্তি অর্থোপেডিক চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। চিকিৎসকেরা সরাসরি অপারেশনের সময় ক্ষতিগ্রস্ত হাড়ের ওপর এই আঠা প্রয়োগ করে অত্যন্ত নিখুঁতভাবে হাড় স্থির করতে পারবেন।

গবেষকদের দাবি, এই পদ্ধতি ব্যবহার করলে হাড় অনেক দ্রুত জোড়া লাগে এবং রোগীকে দীর্ঘদিন প্লাস্টারের ওপর নির্ভর করতে হয় না। চিকিৎসা প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতি সফল হলে অদূর ভবিষ্যতে হাড় ভাঙার প্রথাগত চিকিৎসা পদ্ধতিগুলো হয়তো কেবল ইতিহাসের পাতায় বা জাদুঘরেই খুঁজে পাওয়া যাবে।