মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৩০ মার্চ ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
শেয়ার

আইভীর জামিন আবেদন নাকচ


Ivy

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সেলিম মণ্ডল হত্যা মামলায় এ আদেশ দেন। ফলে আইভীকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তপ্ত দিন—২০২৪ সালের ২০ জুলাই। সেদিন শিমরাইলের একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনায় ডাচ্ বাংলা ব্যাংকের শাখার ভেতরে আটকে পুড়ে মারা যান ইন্টেরিয়র ডেকোরেশনের মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। পরে নিহত সেলিমের ঘটনার জেরে ২০২৫ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী হত্যা মামলা করেন। সেই মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।

এই নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ১১টি মামলায় আসামি করা হয়েছে সাবেক মেয়রকে। এর মধ্যে ৫টিতে উচ্চ আদালত থেকে জামিন মিললেও আরও পাঁচটি মামলার আবেদন এখনো আপিল বিভাগে অপেক্ষমাণ।

সোমবারের শুনানিতে বাদী–বিবাদী উভয় পক্ষের আইনজীবীরা দীর্ঘ যুক্তিতর্ক উপস্থাপন করেন। সব শুনানি শেষে বিচারক জামিন নাকচ করেন।

শুনানি শেষে অসন্তোষ প্রকাশ করে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, “এটি তার বিরুদ্ধে দায়ের হওয়া ১১তম মামলা। এজাহারে তার নাম ছিল না, তবুও বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিম্ন আদালতে আমরা ন্যায়বিচার পাইনি—উচ্চ আদালতে যাব।”

অন্যদিকে মামলার নথিতে উল্লেখ—অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় নিহত সেলিম মণ্ডলের মৃত্যুর পেছনে সাবেক মেয়রের নির্দেশ বা সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন—এ দাবি আসামিপক্ষের।