মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৩০ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শেয়ার

আরেক মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ


Shaukat Mahmud

আদালত প্রাঙ্গণে সাংবাদিক শওকত মাহমুদ ।। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যবেক্ষণে দাবি করা হয়েছে, ওই বৈঠকে অংশ নেওয়া কয়েকজন বক্তা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাতের লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ওই অনুষ্ঠানে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘মঞ্চ ৭১’ ব্যানারে একত্রিত হয়ে তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে সাংবাদিক শওকত মাহমুদের সংশ্লিষ্টতার বিষয়ে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি তার অনুসারীদের নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভায় অংশ নিয়েছিলেন।

এসব অভিযোগের প্রেক্ষিতে মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন রয়েছে বলে আদালতে আবেদন করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।