
ছবি: সংগৃহীত
দেশে বায়ুবাহিত রোগ হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ জন শিশু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ৬৮৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে।
চলতি বছর এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল মার্চ মাসেই প্রাণ হারিয়েছে ৩২ জন শিশু। ঢাকা ছাড়াও রাজশাহী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় এই রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
বিশেষজ্ঞরা জানান, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে পড়ে। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণের (এনসেফালাইটিস) মতো জটিল শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।











































